
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের যৌথ অভিযানে সন্দ্বীপ থানার চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোটসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড।
অভিযানে জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৬২ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জলদস্যুতা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।